আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতাদের গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই তারা নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছে। আশা করছি, মির্জা ফখরুলসহ বিএনপির নির্বাচিত বাকী এমপিরাও অচিরেই শপথ নিবেন। রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদের বৈধতা দিয়েছে। আসলে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। সংসদে যেতে বাধা দিচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার কঠোর অবস্থানে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল না হলেও দেশবাসীকে নিয়ে আমরা জঙ্গিবাদ মূলোৎপাটন করব।
এর আগে মাহবুব উল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ জামালের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাউসার, পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের গোলাম রাব্বানী, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।