Friday, September 4

বিক্ষোভের মধ্যে বাসে আগুন দেয় পরিবহন শ্রমিক, প্রতিহত করলো শিক্ষার্থীরা

0

রাজধানীর নর্দ্দায় সু-প্রভাত বাসের চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনে রাজপথে সহপাঠিরা। মেয়রের আশ্বাসের পরও তারা সড়ক ছাড়েনি। আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই অবস্থায় তাদের ফাঁসাতে ভিন্ন কৌশল নেয়া হয়। এক পরিবহন শ্রমিক নিজেই বাসে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।

জানা যায়, আন্দোলন চলাকালে দুপুর সাড়ে ১২টার দিক সুপ্রভাত বাসেরই এক হেলপার হঠাৎ করে এসে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে পড়েন। এ নিয়ে বিইউপি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। পরে শ্রমিকের আগুন লাগানোর বিষয়টি ধরা পড়লে ভুল বোঝাবুঝির অবসান হয়।

বিইউপির আইআর বিভাগের শিক্ষার্থী আবু তালহা ও শামীম আল হাসান জানান, বাসটিতে দুই ব্যক্তি আগুন দেন। তারা বিইউপির ছাত্র নয়। আগুন ধরালে ধোঁয়া বের হয়। পরে ছাত্ররা ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। আরেকজনকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার নাম জানা যায়নি।

এই দুই শিক্ষার্থী আরও বলেন, দাবি আদায়ে আমাদের আন্দোলন অহিংস। সেখানে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে সু-প্রভাত বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগুনে বাসটির দুটি সিট পুড়ে গেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরাই বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে বাসে আগুন দেয়া ওই শ্রমিককে ধরতে গেলে পুলিশ কৌশলে তাকে পালিয়ে যেতে সাহায্য করে। এ সময় শিক্ষার্থীরা পানি এনে বাসের আগুন নেভানোর চেষ্টা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.