প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে কার্টুন ও স্ট্যাটাস দেয়ায় বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরেই ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, রাজধানীর কারওয়ান বাজার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে বুধবার সকালে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল কাফরুল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে মোট ৮টি অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এজাহারে লেখা হয়েছে, ‘ফাহিম মাশরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্তক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকানণ্ড অব্যাহত রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের তেজগাঁও জোনাল টিম বুধবার সকাল আটটার দিকে তাকে কারওয়ান বাজারের অফিস থেকে আটক করে।
ফাহিম মাশরুর দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১২-২০১৩ মেয়াদে সভাপতি ছিলেন।