বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান জানিয়েছেন দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নের কারণে অভ্যন্তরীণ পর্যটক বেড়েছে, সংখ্যা বেড়েছে। এখন বিদেশি পর্যটক বাড়াতে মনোযোগ দিতে হবে। বিদেশি পর্যটকেরা যেন বাংলাদেশের পর্যটন আকর্ষণ সম্পর্কে জানতে পারে সেজন্য উদ্ভাবনী প্রচার কৌশল কাজে লাগাতে হবে।
’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অবস্থিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন কর্পোরেশন পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজীকরণ, তাদের দ্রুততম সময়ে ভিসা প্রদান, অন অ্যারাইভাল ভিসার আওতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া, তাদের জন্য এয়ারপোর্টে বিশেষ সার্ভিস চালুকরণ ও দক্ষ ট্যুর গাইড তৈরির বিষয়েও মন্ত্রী গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পর্যটন খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবেই।’
তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতিকে ঠিক রেখেই বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন আকর্ষণকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের পর্যটন গন্তব্যগুলো জনপ্রিয় করে তুলতে হবে।
পাশাপাশি ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও কালিনারি ট্যুরিজমের ওপর গুরুত্ব দিতে হবে। সেবার মান বাড়ানোর পাশাপাশি নতুন নতুন সেবা চালু করতে হবে।’