Saturday, November 21

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কেরানীগঞ্জে জমি ইজারা পেল যুক্তরাষ্ট্র

0

ভ্রাম্যমাণ ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কেরানীগঞ্জের পানগাঁওয়ে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (আইসিটি) পাশে ২৪ একর জমি পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রকে ইজারা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) পানগাঁওয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে আমাদের কাছে জায়গা চেয়েছিল। এটা হবে মোবাইল প্ল্যান্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গাটা তাদের আমরা দিয়েছি। এপিআর এনার্জি নামের একটি কোম্পানি এটি করবে। পানগাঁওয়ে আইসিটির পাশেই এই জায়গা অব্যহৃত অবস্থায় আছে। শিগগিরই আমরা এই জায়গাটা ডেভেলপমেন্ট করব এবং তারা ৫ বছরের জন্য আমাদের এই জায়গাটা লিজ নেবে।’

এতে বাংলাদেশের কী লাভ হবে -জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব। বিদ্যুৎ উপাদনের জন্য এখানে ৫০০ ভ্রাম্যমাণ কন্টেইনার বসবে। এই বিদ্যুৎ আমাদের গ্রিডে যুক্ত হবে।’

সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পোর্টের কর্মকাণ্ড, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আরও কিছু কথা তারা বলেছেন। আমরা সেটা দেখব। আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) বাংলাদেশ ‘বি’ ক্যাটাগরির সদস্য। যুক্তরাষ্ট্র ‘এ’ ক্যাটাগরির সদস্য। আমরা আহ্বান করেছি আইএমওতে তারা যাতে আমাদের সাপোর্ট দেয়। আমরাও তাদের সাপোর্ট দেব।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালিয়েছে। এ ব্যাপারে আমেরিকার ভূমিকা নিয়ে আমরা প্রশংসা করেছি। আশা করি মিয়ানমারের সমস্যা সমাধানে তারা ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।’

হঠাৎ বন্দরের নিরাপত্তার বিষয়টি কেন এলো -জানতে চাইলে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ বলেন, ‘সিকিউরিটি চেক করা আইএমও’র একটি শর্ত। আইএমও ইউএস (ইউএস) কোস্টগার্ডকে দায়িত্ব দেয়। তারা বিভিন্ন পোর্টগুলো ঘুরে কমপ্ল্যায়েন্স পরিস্থিতি চেক করে। সর্বশেষ ২০১৫ সালে তারা একবার এসেছিল।’

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ‘এই সিকিউরিটি চেক শুধু আমাদের দেশে নয়, এটা সব পোর্টের জন্য। ইউএস কোস্টগার্ডের সমুদ্রের সিকিউরিটির বিষয়ে একটা বিরাট ভূমিকা আছে। এটাকে রুটিন চেক বলা যায়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.