Thursday, September 17

দেশে বিদ্যুতের গ্রাহক বর্তমানে ৩ কোটি
বিদ্যু সেবায় প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে : প্রধানমন্ত্রী

0

বিদ্যুতের গ্রাহক বর্তমানে ৩ কোটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে এখন ৯০ শতাংশ নাগরিকই বিদ্যুৎ সেবা পাচ্ছে। তিনি বলেছেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, সবাইকে বিদ্যুৎ সেবার আওতায় আনতে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। তাই বিদ্যুতের অপচয় করা যাবে না। ভবিষ্যতে এ সুযোগ আর থাকবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি কিলোওয়ট বিদ্যুৎ উৎপাদনের খরচ ৬ টাকা ২৫ পয়সা। উৎপাদন খরচ আমরা নিচ্ছি না। সরবরাহ করা হচ্ছে ৪ টাকা ৮২ পয়সায়। আমরা বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি। অনন্তকাল হয়তো এই ভর্তুকি দেওয়া হবে না। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবা পাচ্ছেন। সবাইকে এ সেবার আওতায় আনতে ভর্তুকি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এ সুযোগ আর থাকবে না।

বিদ্যুত খাতের সরকারের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ চাহিদা মেটাতে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। ভারতের মাধ্যমে নেপাল-ভুটান থেকেও বিদ্যুৎ আনা হবে।
সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলাম। বাংলাদেশ এখন বাস্তবেই ডিজিটাল। তথ্য-প্রযুক্তির ছোঁয়া সর্বত্র পৌছে গেছে। স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে দেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল ভোগ করছি আমরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.