Thursday, September 24

বিবিএফ’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা, উপকরণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ

0

“সমাজের সর্বক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা যদি নিজেদের দক্ষতার বিকাশ ঘটানোর সুযোগ পান তবে তাদের পরমুখাপেক্ষী হতে হবেনা। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উপযুক্ত প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রয়োজনীয় সহযোগিতা করলে তারাও দক্ষ জনশক্তি হিসেবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। ”- উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) আজ ১৫.০১.২০১৮ তারিখ মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা, উপকরণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপোরোক্ত মন্তব্য করেন।
ব্রাইট বাংলাদেশ ফোরাম এর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এস.এম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতর এর উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, চসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুু, সংরক্ষিত ওয়ার্ড-৬ (১৭,১৮,১৯) এর কাউন্সিলর ফারজানা পারভীন, রোটারী ক্লাব অব চিটাগং সাগরিকা’র প্রেসিডেন্ট সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, ইম্মেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল, পাস্ট প্রেসিডেন্ট আজিজুল হক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ব্যবস্থাপক তানিম মুনতাসির, চট্টগ্রাম লেডিস ক্লাব এর সাধারণ সম্পাদক ও ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস এর চার্টার্ড প্রেসিডেন্ট বোরহানা কবীর, সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইরফান হায়দার খান, প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৃষ্টি ব্রত পাল, বাংলাদেশ বেতার এর প্রাক্তন ঘোষক ফজল হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক রবার্ট কমল সরকার এবং ডেইলি নিউ নেশন এর ব্যুরো চীফ সরওয়ার উদ্দীন আহমদ।
ব্রাইট বাংলাদেশ ফোরাম এর মেনটর ও প্রতিষ্ঠাতা সদস্য নাসরিন সুলতানা খানম এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী উৎপল বড়–য়া এবং সংস্থা পরিচালিত কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট তথ্য উপস্থাপন করেন সংস্থার ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল উদ দোজা। শুভেচ্ছা জ্ঞাপন করেন বিবিএফ পরিচালিত সংগঠন সমলোক এর সেক্রেটারি ফজলুল আমিন। প্রশিক্ষণ পাওয়া এবং সফল উদ্যোক্তাদের মধ্যে সফোয়ানুল করীম, অভিভাবক কৃষ্ণা ভট্টাচার্য, লিপি আকতার অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিনিধি, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার প্রতিনিধি, চাকুরীদানকারী বিভিন্ন গার্মেন্টস ও অন্যান্য সংস্থার প্রতিনিধি, কমিউনিটি স্টেকহোল্ডার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিনিধি এবং শ’দেড়েক প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবারের সদস্য এবং বিবিএফ পরিচালিত স্ব-সহায়ক সংগঠন (ডিপিও)’র নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানে বিবিএফ’র ২০১৮ সালে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০জন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী ৩৫ জনকে প্রশিক্ষণ সনদ, ১৫ জনকে সেলাই মেশিন, আর্থিক সহায়তা ও আয়মূলক কাজের উপকরণ প্রদান করা হয়।
উল্লেখ্য, বিবিএফ প্রতিবছর ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে টেইলরিং, হস্তশিল্প, চাহিদা ভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করছে এবং তাদের মধ্যে বাছাইকৃত ১৫ থেকে ২০ জনকে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সহায়ক উপকরণ বিতরণ করছে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন আকর্ষণীয় পণ্য ও তাদের আঁকা ছবি কিনে নেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতা অনুযায়ী কাজের পরিবেশ ও সর্বত্র প্রবেশগম্য পরিবেশ সৃষ্টি করতে পারলে তারা আর প্রতিবন্ধী থাকবেনা ; বিশেষভাবে সক্ষম ব্যক্তি হিসেবে সম্মানজনকভাবে বেঁচে থাকতে ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং সমাজের সামগ্রীক উন্নয়ন আরো এগিয়ে যাবে। প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজে সম্মানের সাথে মূলধারায় একীভূত হওয়ার সুযোগ সুষ্টি করে দিতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.