Saturday, August 22

বিমানের সিট থেকে ৪০টি স্বর্ণবার উদ্ধার

0

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের পেছনে স্ক্রু খুলে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’র একটি সিটের পেছনের স্ক্রু খুলে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে উদ্ধার করা স্বর্ণের ওজন বা দাম সম্পর্কে ধারণা দিতে পারেননি কর্মকর্তারা।

বিমানের সিটের পেছনে স্ক্রু খুলে স্বর্ণের বার লুকিয়ে রাখার ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের কর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন জানান, ড্রিমলাইনার গাঙচিলের ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে বলে কাস্টমসের কাছে তথ্য ছিল। বিমানটি শনিবার ভোরে বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তাতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে একটি সিটের পেছন দিকে স্ক্রু খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানটিতে তল্লাশি অভিযান শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, তল্লাশি এখনও চলছে। অভিযান শেষে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.