Wednesday, September 2

বিরোধীদলীয় নেতা হবেন এরশাদ

0

একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদলে থাকবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির কোনও সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্য হবেন না। শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে যা লেখা রয়েছে –
[সকলের অবগতির জন্য :
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত হবেন না।
সংসদের মাননীয় স্পীকারকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, বিরোধী দলে নয় ‘জাতীয় পার্টি সরকারেই থাকতে চায় বলে জানিয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বৃহস্পতিবার দুপুরে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা মহাজোটে থেকেই নির্বাচন করেছি। আমরা মহাজোটেই থাকতে চাই। সংসদে বিরোধী দলের আসনে বসতে চাই না।’
এদিকে, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও অংশ নেয়। বর্তমানে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন সরকারে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি আসনে জয়ী হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.