বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। এর আগে নিম্ন আদালতে ৮ জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।
রবিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
চলতি বছরের ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়। এরপর ১৭ জুলাই আপীল শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।