মৃত্যুপুরী বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেত প্রায় ৯৬ হাজার মানুষ। এতে করে মোট আক্রান্ত বেড়ে ৪০ লাখ ৯ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৯৬৯ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩ লাখ ৮৫ হাজার ১৮৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।
এর মধ্যে করোনা সবচেয়ে বেপরোয়া মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আরও ২৯ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৬৮৭ জনের। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।
মৃত্যুপুরী ইউরোপে আবারও অবনতির পথে করোনার পরিস্থিতি। লকডাউন শিথিল করায় কর্মমুখী মানুষ। এতে করে পুনরায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণে স্পেন ও ইতালির থেকে সামান্য পিছিয়ে থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে থাকা যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৩৬৪। মৃত্যু ৩১ হাজার ২৪১ জনে ঠেকেছে।
দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে ২ লাখ ৬০ হাজার ১১৭ জনে ঠেকেছে।
চীনের পরেই করোনার প্রাণকেন্দ্র হিসেবে রূপ নিয়েছিল ইতালিতে। গত মাসের মাঝামাঝি থেকে লকডাউন শিথিলের আগ পর্যন্ত বেশ উন্নতি দেখেছে দেশটি। কিন্তু কর্মক্ষেত্রে মানুষের জনসমাগম বাড়তে থাকায় আবারও সেখানে হু হু করে বাড়ছে মৃত্যুর মিছিল। দেশটিতে প্রাণহানি ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন।
প্রতিদিনিই রেকর্ড সংখ্যক সংক্রমণ দেখছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এতে করে মোট আক্রান্ত ১ লাখ প্রায় ৮৭ হাজার ৮৫৯ জনে। গত একদিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এ নিয়ে প্রাণহানি ১ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।
ভয়াবহ অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে নতুন করে ১০ হাজার ১৯৯ জন করোনার শিকার হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। মারা গেছেন সেখানে প্রায় ১০ হাজার মানুষ।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৮৫ জনের।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত করোনার শিকার হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। তাদের মধ্যে ২০৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হয়েছেন ২ হাজার ১০১ জন।