লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। চালকসহ আহত হয়েছে ৪ যাত্রী।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টির বাজার ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত জিন্নাত আলীর পুত্র হাশেম আলী, পৌরসভার রসুলগঞ্জ গ্রামের সহিবার রহমানের ছেলে আয়নাল হক (৩২)। আহতরা হলেন, মাহিন্দ্রা চালক শহিনুর রহমান (৩০), রাশেদুল ইসলাম (২৫), নুরনবী (২০) ও মোজাম্মেল হক (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টির বাজার ঈদগাহ মাঠ এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম গামি একটি যাত্রীবাহি মাহিন্দ্র কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে ওই দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। চালকসহ গুরুতর আহত ৫জনকে উদ্ধার করে স্থানীয়রা পাটগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আয়নাল হককে মৃত ঘোষনা করেন। আশংকা জনক অবস্থায় আহত চালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকীদের পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।