Wednesday, August 26

বৃহস্পতিবার সকালে আসছে সাদেক হোসেন খোকার মরদেহ

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসবে।
সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উনার মরদেহ ঢাকা পৌঁছাবে। সেদিন তার পুরো পরিবার দেশে ফিরবেন।

এর আগে সোমবার বাদ এশা নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক কনস্যুলেট সূত্র জানিয়েছে, জানাজায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছরের বেশি সময় নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.