Saturday, November 7

বেকুটিয়া ফেরির আংশিক নিমজ্জিত, ৯ যানবাহনসহ চরে আটকা

0

খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কঁচা নদীতে বেকুটিয়া ফেরির সঙ্গে লাইটার জাহাজের ধাক্কায় ফেরির ব্যাক প্লেট ফেটে নদীতে আংশিক নিমজ্জিত হয়েছে। এতে ৯টি যানবাহনসহ চরে আটকা পড়েছে ফেরিটি।

এ সময় ফেরিতে থাকা অবস্থায় একটি বাস ও দুইটি মালবাহী ট্রাক নদীর পানিতে আংশিক তলিয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনার পর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ফেরির ঘাট সুপারভাইজার মো. রফিকুল ইসলাম। দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। দুর্ঘটনার শিকার ফেরিটি উদ্ধারের জন্য একসঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, কোস্টগার্ড এবং সড়ক ও জনপথ বিভাগ।

বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. শামিমুল হক জানান, রাত আনুমানিক ১টার দিকে পিরোজপুরের কুমিরমারা ঘাট থেকে ফেরিটি একটি বাস, পাঁচটি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যান নিয়ে বেকুটিয়া ঘাটে যাচ্ছিল। এ সময় নদীর মাঝে একটি লাইটার জাহাজ ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরির ব্যাক প্লেট ফেটে যায়। এ সময় ফেরির চালক ফেরীটিকে নদীর বেকুটিয়া পাড়ের একটি চরে তুলে দেয়। ফাটলের অংশ থেকে ফেরিতে পানি ওঠার কারণে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাস ও দুইটি ট্রাক ফেরির তলিয়ে থাকা অংশে আটকে থাকে।

তবে এ সময় বাসে থাকা যাত্রীরা আগেই নেমে যায় বলে জানান ফেরির সুপারভাইজার।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামিমুল হক আরো জানান, ফেরিটি নিমজ্জিত হওয়ার কারেণ এ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ফেরির ব্যবস্থা করা হয়েছে। দুপুরের দিকে সেই ফেরি দিয়ে পুনরায় যানবাহন পারাপার স্বাভাবিক রাখা হবে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো. মতিউর রহমান জানান, খবর পেয়েই বরিশাল থেকে পিরোজপুরের এসে দুর্ঘটনার শিকার ফেরিটি ও ফেরিতে থাকা যানবাহন উদ্ধারের কাজ চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.