মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি দেশি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকরা হলেন- আরফিন (১৯) ও বিলাল হোসেন (২২)।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিলাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে বেনাপোল থানার পুলিশ পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে আটক করেন। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিলেন তারা।
মাছ পাচারের ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।