মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা, শার্শা, বেনাপোল ট্রাক মালিক সমিতির বেনাপোল কার্যালয়ের চেয়ারম্যান আজিম উদ্দিন গাজির বাড়িতে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে।
আজিম উদ্দিন গাজীর বেনাপোল তালসারি পৈত্রিক বাড়িতে ২৮শ অক্টোবর সকাল ১১টার সময় এ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজী বলেন বলেন, সোমবার ২৮শে অক্টোবর সকালে আনুমানিক ১১টার সময় আমি অফিসে অবস্থান কালে বাড়ির সামনে বিকট শব্দে ২/৩টি বোমা বিস্ফোরিত হয়, বোমার আঘাতে স্প্লিন্টার ও জালের কাটির মতো দেখতে সাদৃশ্য বস্তু আমার ঘরের বারান্দার গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নীচে পড়ে থাকতে দেখা যায়।
এতে আমার পরিবারসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। ঘরের বারান্দার বিভিন্ন স্থানে বিস্ফোরিত বোমার জালের কাঠি ও স্প্রিন্টার ছড়ানো ছিটানো রয়েছে।
আজিম উদ্দিন গাজী আরো বলেন,কয়েক বছর ধরে বেনাপোল পৌর টোল বন্ধের দাবিতে বন্দরের সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি। অনেক আন্দোলন-সংগ্রামের পর কয়েকদিন আগে সরকার থেকে পৌরসভার পৌর টোল আদায় বন্ধ করে দেয়, এতে ক্ষিপ্ত হয়ে এর সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী গ্রুপ আমার বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে আমার ধারণা। সাথে সাথে আজ সকালে স্থল বন্দরের শ্রমিকদের পিটিয়ে আহত করে রাশেদ বাহিনীর সন্ত্রাসীরা। আমি যেহেতু রবিবারে শ্রমিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করি তারই ধারাবাহিকতায় আমার বাড়িতে আবারও বোমা হামলা করেছে ওই সকল সন্ত্রাসী বাহিনীরা বলে আমি মনে করি ।
বেনাপোল পোর্ট থানার এএসআই রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কোনো আসামি এখনো আটক হয়নি, তদন্ত চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।