Tuesday, September 15

বেনাপোল বন্দর দিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণের ১০ ঘোড়া আমদানি

0

বেনাপোল সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমদানি করা দশটি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় ঘোড়ার একটি চালান মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল হয়ে দুটি ভারতীয় অ্যাম্বুলেন্স ট্রাকে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ কাজে এগুলো ব্যবহার করা হবে। ঘোড়াগুলো দেখতে বেনাপোল বন্দরের সামনে লোকজন ভিড় জমায়।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নামে এ ঘোড়াগুলো আমদানি করা হয়েছে। সাপ্লাইয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার ‘মহসিন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার ‘বিধাতা সাপ্লাইয়ারস’ নামের একটি প্রতিষ্ঠান এ ঘোড়াগুলো রফতানি করে।

আমদানি করা ঘোড়াগুলো বেনাপোল কাস্টম হাউজ থেকে ছাড় নেওয়ার জন্য ‘মেসার্স মাধ্যম’ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে (বিল অব এন্ট্রি নম্বর-সি-৩৮৫৭৯ তারিখ-০৫/০৬/১৮)। দশটি ঘোড়ার আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে এক লাখ ১৮ হাজার ৬৬৮ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯৯ লাখ ১৮ হাজার ৮৬৪ টাকা। সেই হিসেবে প্রতিটি ঘোড়ার দাম নয় লাখ ৯১ হাজার ৮৮৬ টাকা।

মঙ্গলবার রাতেই ঘোড়াগুলো ঢাকার সাভার সেনানিবাসের উদ্দেশে পাঠানোর কথা বলে জানান সাপ্লাইকারী প্রতিষ্ঠান মহসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক।
রফতানিকারক প্রতিষ্ঠান বিধাতা সাপ্লাইয়ার্সের ম্যানেজার দীপেস গোস্বামী জানান, ঘোড়াগুলো উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। গত রোববার ভারতের দিল্লি রেস ক্লাব থেকে রওনার পর এগুলো বেনাপোল আনতে তিন দিন লাগে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.