মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দরে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে বন্দরের কয়েকটি সংগঠনের সদস্যদের বকশিশের নামে হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শনিবার, রোববার, সোমবার ও মঙ্গবার ভারত থেকে কোনো পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বেনাপোল বন্দর থেকে কোনো পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে যায়নি।
আমদানি-রফতানি বন্ধ থাকায় উভয়পাশে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। যার অধিকাংশে রয়েছে বাংলাদেশে রফতানিমুখী গার্মেন্ট শিল্পের কাঁচামাল, মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য। তবে আমাদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। কাস্টমসেও কাজ চলছে স্বাভাবিকভাবে।
ভারতীয় ট্রাক শ্রমিকরা অভিযোগ করে বলেন, ভারত থেকে রফতানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসার পর তাদের ওপর শুরু হয় নানা হয়রানিসহ দুর্ব্যবহার। নিয়ম মাফিক বকশিশের টাকা দিলেও তারা অতিরিক্ত টাকা আদায়ের জন্য জটিলতা সৃষ্টি করে আসছে। এসব জটিলতা নিরসনে দুই দেশের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে স¤প্রতি দুটি আলোচনা সভা বেনাপোল ও পেট্রাপোল বন্দরে অনুষ্ঠিত হয়।