Tuesday, September 1

ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার নাজমুল হুদাকে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক এইচ রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকালে নাজমুল হুদা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই সঙ্গে অসুস্থ মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া তাকে কারাগারে ডিভিশন দেয়ারও আদেশ দিয়েছেন আদালত।
এর আগে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অন্যথায় বিচারিক আদালত তার গ্রেফতার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।
সেই মর্মে আজ রোববার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন নাজমুল হুদা।
প্রসঙ্গত, আকতার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ দুদক নাজমুল হুদা ও তার স্ত্রী বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে। এ মামলায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত একই বছরের ২৭ আগস্ট এক রায়ে নাজমুল হুদাকে ৭ বছর ও সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন।
রায়ের বিরুদ্ধে ওই দম্পতি হাইকোর্টে আপিল করেন। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ এক রায়ে হাইকোর্ট তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। এরপর মামলাটির পুনরায় শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ড এবং সিগমা হুদাকে তার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন।
পরে আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

মামলার অভিযোগে বলা হয়, স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র অ্যাকাউন্টে রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টর মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.