ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় হামলায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র-শস্ত্র নিয়ে ১২/১৫ জন ডাকাত প্রবেশ করে সবাইকে জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা করে। পরে ডাকাতরা বাড়ির লোকজনের উপর হামলা চালায়। এতে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়াও ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া (৪০), হাবিবুর রহমানের নাতী রাহুল মিয়া (২৫) ও হাবিবুর রহমানের প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার (২৫) আহত হন। আহতদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রীতি আক্তারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রামবাসীরা দুই ডাকাতকে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তবে নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।