Tuesday, September 15

ব্রিটেনে মসজিদে গুলতি হামলা, মুসল্লিদের নিন্দা

0

ব্রিটেনের বার্মিংহাম শহরে দুটি মসজিদে গুলতি দিয়ে বিয়ারিংয়ের বল নিক্ষেপের নিন্দা জানিয়েছেন দেশটির মুসলমানরা। মাগরিবের নামাজের সময় ওই হামলার ঘটনায় মসজিদের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

বুধবার বড় গুলতি দিয়ে কামরুল ইসলাম মসজিদ ও আল হিজরাহ মসজিদে বিয়ারিংয়ের ভারী বল নিক্ষেপ করা হয়েছে।-খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের।

লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার পর এমন ঘটনা ঘটল। কিন্তু মসজিদে গুলতি নিক্ষেপের উদ্দেশ্য এখনও অপরিষ্কার রয়ে গেছে।

ইমাম উসমান হোসেন বলেন, যখন জানালার কাচ ভেঙে পড়ছে, তখন লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ জানিয়েছে, ঘৃণামূলক অপরাধ থেকে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় অধিবাসী ও নামাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।

উসমান বলেন, অস্ত্রধারী কেউ হামলা চালিয়েছে বলে সন্দেহ মুসল্লিদের। আমরা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি। লোকজন শঙ্কিত হয়ে পড়েছিলেন।
হামলার সময় মসজিদে নামাজ পড়ছিলেন নাভিদ সাদিক। তিনি বলেন, লন্ডনে যা ঘটেছে, তার সঙ্গে এ হামলার সম্পর্ক রয়েছে।

পুলিশ বলছে, এ হামলার ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছেন। তারা এটিকে ঘৃণামূলক অপরাধ থেকে দেখছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.