ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে একটি কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির তীব্র সমালোচকদের একজন হচ্ছেন ।
টানা চার দিন ধরে দাঙ্গার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে দাবি করে দিল্লি পুলিশ ১৮ মামলা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে।
মমতার কবিতাটি এরকম-
নরক
কোথায় আছি?
কোথায় চলেছি?
স্বর্গ পেরিয়ে নরকে!
চলে গেল কত কত প্রাণ
ফিরবে না আর কোনদিন।
ঝরলো রক্ত,
পড়লো লাশ।
জ্বলছে ক্রোধের আগুন,
হোলির আগেই
রক্তের হোলি
মনুষ্যত্ব বড় করুণ।
ঠিকানার লড়াই
হারিয়ে যাচ্ছে
বন্দুকের নলের তুফানে দেশ,
শান্ত দেশ
অশান্ত হল-
গণতন্ত্র কি তবে শেষ?
কে দেবে উত্তর?
আর কি হবে সমাধান
তুমি-আমি নীরব-বধির
নরক হল পীঠস্থান।