Friday, September 11

ভারতে ব্যাংক থেকে ১৯০ কোটি রুপি চুরি

0

এবার ভারতের মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৯০ কোটি রুপি হ্যাক করে নিয়ে গেছে সাইবার সন্ত্রাসীরা। ব্যাংক অব মরিশাসের মুম্বাই শাখার একটি হিসাব থেকে এই চুরি হয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া অর্থের প্রায় ৯০ শতাংশ তারা উদ্ধার করতে পেরেছে। বাকি আরো কিছু উদ্ধার হবে। এ ছাড়া বীমা কম্পানি থেকেও ক্ষতিপূরণ পাওয়া যাবে।

জানা যায়, এ মাসের শুরুর দিকে স্টেট ব্যাংক অব মরিশাসের (এসবিএম) হিসাব হ্যাক ও টাকা লুট হওয়ার ঘটনাটি প্রকাশ পায়। গত ২ অক্টোবর এসবিএম কর্তৃপক্ষ এক বিবৃতিতে মুম্বাইয়ে অবস্থিত এসবিএমের নরম্যান পয়েন্ট শাখায় হ্যাকিংয়ের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ডলার খোয়া যাওয়ার কথা জানায়। গত ৫ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ে (ইওডাব্লিউ) বিষয়টি জানিয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় অবশ্য ১৪৭ কোটি রুপি খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়। আর গত শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে ১৯০ কোটি রুপি খোওয়া যাওয়া এবং তার ৯০ শতাংশ উদ্ধার করতে পারার কথা উল্লেখ করা হয়।

জানা যায়, হ্যাকাররা এসবিএমের নরম্যান পয়েন্ট শাখা থেকে চুরি হওয়া অর্থ যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক, লন্ডন ও প্যারিসের একটি ব্যাংকের হিসাবে স্থানান্তর করে। এর মধ্যে ২৯ কোটি রুপি তারা উঠিয়েও নেয়। সাইবার বিশেষজ্ঞরা এসবিএমে হ্যাকিং ও চুরির বিষয়টি তদন্ত করে দেখছেন।

এসবিএমে হ্যাকিংয়ের ঘটনাটি গত কয়েক মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে সংঘটিত দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৯ আগস্ট ও ১১ আগস্ট পৃথক দুটি সাইবার হামলায় পুনে শাখা থেকে কসমস ব্যাংক প্রাইভেট লিমিটেডের মোট ৯৪ কোটি রুপি হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এনডিটিভি, ইকোনমিক টাইমস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.