রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে জানান, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আর এই বৃষ্টিপাতের কারণে নগরীর চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বেপারিপাড়াসহ নিম্নাঞ্চলে জমেছে প্রায় হাঁটু পরিমাণ পানি। ফলে নগরবাসীকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া দিয়ে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে।
নগরীর সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই সিডিএ এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। অফিস সকালে থাকায় হাঁটু পরিমাণ পানিতে ভিজেই আসতে হয়েছে।
জলাবদ্ধতার জন্য নগরবাসী নগরীর খালগুলো দখল হওয়ার পাশাপাশি নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করাকেও দায়ী করেন ।