Monday, August 31

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত

0

ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে এই ঘটনা ঘটে। ভালুকা থানার ওসি মো. মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুন মাসের ৩০ তারিখে নিহত সাইফুলের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ‘গোপন সূত্রে খবর পাই’ গণধর্ষণ মামলার এক নম্বর আসামি সাইফুল ডাকাত ভালুকার হাতিবেড় গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ভালুকা থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে সেখানে অবস্থানরত দুষ্কৃতিকারীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাইফুল নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। নিহত সাইফুলের বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করেছে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.