Thursday, November 12

‘ভূমিদস্যুরা নিম্নাঞ্চল ভরাট করছে’

0

‘ভূমিদস্যুরা শহরের নিম্নাঞ্চল ভরাট করছে’ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সাংবাদিক এম ওমর ফারুকের স্মরণসভা ও পরিবারকে চেক হস্তান্তর’ অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

রাজধানীর চারিদিকে নদী দখল ও পয়নিষ্কাশন ব্যবস্থার সমালোচনা করেন মন্ত্রী বলেন, দুর্গন্ধের কারণে তুরাগ ও বালু নদের পাশে ৫ মিনিটও দাঁড়ানো যায় না। অতীতে অনেক শহরের নদীতে ময়লা ছিল, তা এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, রাজউকের বিধান আছে ফুটপাত থেকে ৫ ফুট বাদ রেখে ভবন নির্মাণের। কিন্তু রাজধানীর ৯৮ শতাংশ ভবনের ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। তবুও রাজউক অথরিটি চুপ।

তিনি বলেন, পরিকল্পিত শহর নির্মাণের ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদদের ভবিষ্যৎ চিন্তা করে প্লান করতে হবে। এছাড়া নগর নিয়ে যে সব সাংবাদিক কাজ করেন, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের (সাংবাদিক) দিক থেকে কিছু প্রেসার থাকলে সরকার ও মন্ত্রীদের চোখে পড়বে, নগরের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকায় রাজউকের লোকজনের সামনেই বাণিজ্য স্থাপনা হচ্ছে। কি কারণে যেন সবাই অন্ধ হয়ে যান। এরপর ভাঙ্গার জন্য চেষ্টা করেন, তবুও পারেন না। কিন্তু স্থাপনা নির্মাণ করার সময় কেন কেউ কিছু বলেন না?

সংগঠনের সভাপতি অমিতোশ পালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন-অর রশিদ, রাজউকের ড্যাপ পিডি আশরাফুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.