Wednesday, August 26

ভোট দিতে এসে বিদায়ী কমিটির প্রতি ক্ষোভ ঝাড়লেন নায়িকা পপি

0

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে ভোট দিতে এসে বিদায়ী কমিটির প্রতি ক্ষোভ ঝেড়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সেই সঙ্গে সভাপতি পদে নায়িকা মৌসুমী জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার বেলা ১টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়ার জন্য পপি এফডিসিতে আসেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বলেন, আমরা একটি দালাল, দুর্নীতি ও রাজনীতিমুক্ত এফডিসি চাই। সে জন্য ভোট দিতে এসেছি। আশা করি এবারের নির্বাচনে প্রত্যাশিত নেতৃত্ব জয়ী হবে।

বিদায়ী কমিটির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে পপি বলেন, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে দালালি, রাজনীতি আর দুর্নীতি দেখে আসছি। এটি আমাদের শিল্পীদের জন্য চরম অসম্মানের। এটি মেনে নেয়া যায় না।

বিদায়ী কমিটির নির্বাচিত সদস্য পপি বলেন, ‘কমিটিতে অনেকবার এসব নিয়ে অভিযোগ দিয়েছি। তাদের দুর্নীতির সঙ্গে জড়াতে পারিনি বলে শোধরাতে পারিনি। এ কারণে আমাদের মিটিংয়ে ডাকা হতো না।’

সভাপতি পদে প্রার্থী মৌসুমীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নায়িকা পপি বলেন, ‘মৌসুমী জয়ী হলে খুব ভালো হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান এখন নারী। এ ছাড়া আমাদের বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম ইতিহাস গড়েছেন। আমি মনে করি, এবার যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী আপু সভাপতি পদে জয়ী হন, তা হলে তা হবে ইতিহাস।’

স্বাধীন চলচ্চিত্র সমিতির জন্য মৌসুমীকে জয়ী করার আহ্বান জানিয়ে পপি আরও বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চাই, যেখানে কোনো শিল্পীর দুস্থ তকমা থাকবে না। বিদায়ী কমিটি এই শিল্পী সমিতির অনেক সদস্যকে দুস্থ শিল্পী বানিয়েছে। সেটি আমরা চাই না। আশা করি নতুন নেতৃত্ব শিল্পীদের মর্যাদা অক্ষুণ্ন রেখে কাজ করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.