রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরবাসীর ওপর সিটি করপোরেশন হোল্ডিং ফি দ্বিগুণ করলেও বাড়ানো হয় নি সেবার মান। বরং যে সেবাগুলো সিটি করপোরেশন থেকে দেয়া হয়, সেগুলো থেকে বঞ্চিত রয়েছেন নগরবাসী। মশার দাপটে অস্থির হলেও নিধনে কোনো কার্যক্রম নেই রাসিকের। এ নিয়ে প্রতিদিন ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে।
সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হবার পর হোল্ডিং ফি দ্বিগুণ করা হয়। এখন পাকা বাড়ির জন্য হোল্ডিং খুলতে ২ হাজার টাকা, আধাপাকা ১ হাজার, কাঁচাবাড়ি ১ হাজার ও বাউন্ডারি বিশিষ্ট ফাঁকা জায়গার জন্য ১ হাজার টাকা। এছাড়া নগরীর ৫১ হাজার বাসার হোল্ডিং থেকে বিপুল পরিমাণ কর পাওয়া যায়। তবে নূন্যতম বাড়েনি নাগরিক সেবার মান। বরং নগর উন্নয়ন কার্যক্রমও এখন মুখ থুবড়ে পড়েছে।
সিটি করপোরেশনের টাক্সেশন কর্মকর্তা বলেন, ২০১৩-২০১৪ অর্থবছরে হোল্ডিং টাক্স আদায় করা হয়েছে সাড়ে ৯ কোটি টাকা। এছাড়া অন্যান্য সব কর মিলিয়ে পৌরকর থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা কর আদায় করা হয়েছে। একটা খাত থেকেই এত টাকা আয় করার পরও দেখা গেছে অর্থনৈতিক সঙ্কটে ভুগছে সিটি করপোরেশন।
এ বিষয়ে কথা বলার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে রাসিকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাসিক নিজেই এখন অসহায়।