Thursday, August 27

মহারাষ্ট্রে বন্যায় ১৬ জনের মৃত্যু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

0

টানা বৃষ্টিতে ভারতের বাণিজ্য নগরীসহ ভাসছে প্রায় গোটা মহারাষ্ট্র। প্রবল বৃষ্টির ফলে রাজ্যের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে মৃত্যুর সংবাদ।

এখন পর্যন্ত রাজ্যে প্রায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পুণেতে ৪ জন, সাতারায় ৯ জন, কোলাপুরে ২ জন ও সাংগিলে ২ জনের মৃত্যুর হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ ঘরছাড়া। সোলাপুর, সাংগিল, কোলাপুর ও পুণে থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে বলে ডিভিশনাল কমিশনার দীপক মহাশেখর জানিয়েছেন।

বৃষ্টির জন্য কোলাপুর জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুণে জেলার তিনটি তহসিল ও সাংগিল জেলার চারটি তহসিলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বর্ষণেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাংগিল জেলায় এ বছর রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় ২১৩ শতাংশ। সাতারা ও পুণেতে বৃষ্টি হয়েছে প্রায় ১৭৩ শতাংশ। এছাড়া কোলাপুরে ১১৬ শতাংশ ও সোলাপুরে ৭৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, বরং বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ফলে বন্য পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা মূহূর্তে নেই। এছাড়া প্রবল বৃষ্টির ফলে বাঁধও পরিপূর্ণ হয়ে উঠেছে।

দীপক মহাশেখর জানিয়েছেন, পুণের বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২ লক্ষ ৫৭ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।

যদিও সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য তৈরি প্রশাসন। উদ্ধারকাজের জন্য বিভিন্ন জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এছাড়া সেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীও নিয়োগ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.