লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের পুত্র আতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮ জন আহত হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।