চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে গত রবিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৩ জনে। এর মধ্যে রবিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে অন্তত ৯৭ জন। এ ছাড়া ৪০ হাজার ১৭১ জন মানুষ আক্রান্ত হয়েছেন আর পর্যক্ষেণে রাখা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে। এ অবস্থা চলতে থাকলে আগামী সপ্তাহ নাগাদ উহান তথা চীনে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
ফলে নতুন এই ভাইরাসের এত দ্রুত বিস্তার ঠেকাতে গবেষণার জন্য এদিন চীনে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই এই ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্তে নতুন একটি যন্ত্র আবিষ্কারের কথা জানিয়েছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের দাবি, এই যন্ত্র ব্যবহার করে মাত্র ১৫ মিনিটেই করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব। এতে সম্ভাব্য রোগীর স্ক্রিনিংয়ের জন্য যে সময় নষ্ট হতো, তা রোধ করা যাবে।
গ্লোবাল টাইমস জানায়, বেইজিংয়ের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই যন্ত্র আবিষ্কার করেছেন। বর্তমানে যন্ত্রটির ক্লিনিক্যালি পরীক্ষা চলছে, অচিরেই এটি স্বাস্থ্য নিয়ন্ত্রকদের অনুমোদনের জন্য পাঠানো হবে।
এর আগে সানসিওর নামে চীনেরই আরেকটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান দ্রুত করোনা শনাক্তে যন্ত্র আবিষ্কার করে, যা ব্যবহারের অনুমোদনও দিয়েছে দেশটির জাতীয় চিকিৎসা সরঞ্জাম কর্তৃপক্ষ (এনএমপিএ)। ওই যন্ত্রটি দিয়ে ৩০ মিনিটের মধ্যেই করোনা শনাক্ত করা সম্ভব।
সুত্রঃযুগান্তর