ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভবনের ছাদ থেকে ছুঁড়ে ফেলা এ পি এম সুহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্চা কেন্দ্র) রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সুহেল ডাকসু ভিপি নুরুল হকের সংগঠন সাধারণ ছাত্র অধিকার আন্দোল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা।
গত রোববার ডাকসু ভবনে ভিপি নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ভিপি নুরসহ ২৪ জন আহত হন। হামলার সময় এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।
হামলায় আহত ২৪ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এখনও হাসপাতালে ভর্তি আছেন ভিপি নুরুল হক, তুহিন ফারাবি, মেহেদী হাসান, আমিনুর ও নাজমুল ইসলাম। অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, এ হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। মঙ্গলবার সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
এছাড়া নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাসান শান্তকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চান। শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।