Thursday, August 27

মাদক ব্যবসায়ীর সঙ্গে ২ পুলিশ কর্মকর্তার নাচ

0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর সঙ্গে গানের আসরে দুই পুলিশ কর্মকর্তার নাচের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বিশনন্দী এলাকায় একটি বাড়িতে দাওয়াতে যান আড়াইহাজার থানার এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। দাওয়াত শেষে ওই স্থানে গানের আসরের আয়োজন করা হয়। আসরে রাতভর নেচে-গেয়ে আনন্দে মাতেন পুলিশের এই দুই কর্মকর্তা। তাদের পাশে ছিলেন আড়াইহাজার থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন। আর নাচ-গানের পুরো অনুষ্ঠানটি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেছেন এসআই সজীব সরকার।

এ বিষয়ে এসআই সজীব সরকার বলেন, বিশনন্দী এলাকায় দাওয়াতে গানের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি সবাইকে চিনি না। আমি এই থানায় নতুন। আমি কোনোদিন সিগারেটও খাইনি। গানের অনুষ্ঠান ফেসবুকে লাইভ দেওয়া আমার চরম বোকামি হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বিশনন্দীতে একটি বাড়িতে দাওয়াতে যান থানার দুই পুলিশ কর্মকর্তা। এলাকাটি গোপালদী তদন্ত কেন্দ্রের আওতাধীন হওয়ায় থানায় সদ্য যোগদান করা দুই পুলিশ কর্মকর্তা ওই মাদক ব্যবসায়ীকে চিনতেন না। তাই মাদক ব্যবসায়ীর সঙ্গে হয়তো ওই দুই পুলিশ কর্মকর্তার ছবি চলে এসেছে। তবে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করা ওই পুলিশ কর্মকর্তার কোনভাবেই ঠিক হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.