Sunday, September 13

মানবকণ্ঠের সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই

0

দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী (৫৫) আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
১৯৬৪ সালের ২১ জুন রাজধানী ঢাকার গ্রিন রোডে আবু বকর চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হালিম চৌধুরী ও মা রাজিয়া খাতুন। নয় ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালের ১ অক্টোবর দিল আফরোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’ পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি ‘সাপ্তাহিক খবর’ এর নির্বাহী সম্পাদক, ১৯৯৫ সালে ‘আজকের কাগজ’-এ সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন।
এক সময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে ‘আমাদের সময়’ পত্রিকায় যোগ দেন। ওই বছরের অক্টোবরে তিনি ‘সকালের খবর’-এ বার্তা সম্পাদক ও ২০১১-এর এপ্রিলে ‘সমকাল’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।
২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠে’ যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ পর্যন্ত তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন।
২০১৭ সালে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। পরবর্তীতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার বাদ আসর তার ধানমন্ডির ১১/এ, ৪২ নাম্বর রোড সংলগ্ন বাসার পাশে তাকওয়া মসজিদে মরহুমের জানাজা অনুষ্টিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.