Monday, September 14

মানহানির মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে এই আবেদন করেন বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

এবি সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, মামলার তদন্ত প্রতিবেদন আসায় আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি, পরে দেবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ৩০ জুন ঘটনার সত্যতা পাওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে মানহানির অভিযোগে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.