Monday, September 21

মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রাশিয়া, তুরস্ক ও ইরান

0

নিষেধাজ্ঞা আরোপ করায় এবার ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করার ঘোষণা দিয়ে এক রকম যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রাশিয়া, তুরস্ক ও ইরান।

ফলে দেশগুলোর কাছে ডলারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার এক সময় বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদোলুর।

মঙ্গলবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, কয়েক বছর আগে থেকেই আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহারের কথা ভাবছি।

ইরান ও তুরস্কের সঙ্গে এরই মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয়েছে এবং চীনের সঙ্গে সমঝোতার কাছাকাছি অবস্থায় রয়েছি।

ল্যাভরভ আরও বলেন, অন্য দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ, এমনকি মার্কিন আইনের সঙ্গেই সাংঘর্ষিক। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অচিরেই আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রভাব কমতে শুরু করবে এবং বিশ্বের বহু দেশ ডলারের ব্যবহার বন্ধ করে দেবে।

সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতির বিরোধী। ইউরোপীয় দেশগুলোও এ ব্যাপারে উদ্বিগ্ন।

চাভুসওগ্লু বলেন, ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুরস্ক পরোয়া করে না। আমরা আমেরিকাকে জানিয়ে দিয়েছি, আগের মতোই ইরানের কাছ থেকে গ্যাস কেনা অব্যাহত রাখব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.