Tuesday, September 1

মালয়েশিয়া থেকে ফিরছেন ২৯০০০ বাংলাদেশি

0

মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ বিদেশিদের ঘরে ফেরা কর্মসুচি ‘ব্যাক ফর গুড’-এর আওতায় সোমবার পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশী সাধারণ ক্ষমার সুবিধা নিয়েছে। তাদের একটি অংশ দেশে ফিরেছেন, বেশিরভাগই ঢাকার ফ্লাইট ধরার অপেক্ষায়। গত বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো ইনদিরা খায়রুল জাইমি দাউদের সঙ্গে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামের বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মিশনের বার্তায় জানানো হয়- নানা কারণে দেশটিতে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া মোট ৩২ হাজার বাংলাদেশি ব্যাক ফর গুড কর্মসুচির আওতায় বাধাহীনভাবে দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

মালয়েশিয়ান ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাই কমিশনারের ঘন্টাব্যাপি ওই বৈঠকে অবৈধ বাংলাদশিদের দেশে ফেরানোর কর্মসূচি ছাড়াও স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নব প্রতিষ্ঠিত মাহাথির সরকার প্রবর্তিত ব্যাক ফর গুড কর্মসুচিতে বাংলাদেশের কর্মীদের ব্যাপক সাড়া প্রদানকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক আশা করেন- বাংলাদেশীসহ অন্যান্য যে সব দেশের কর্মীরা অবৈধ অবস্থায় রয়েছেন তারা মালয়েশিয়া সরকারের এ সুযোগ গ্রহণ করবেন।

উল্লেখ্য, ব্যাক ফর গুড কর্মসূচি ঘোষণার পূর্বে দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদেরকে জেল, জরিমানা ও বিভিন্ন ধরনের আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। বাংলাদেশ মিশনের বার্তা মতে, ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনার মিস্টার ইসলামের দীর্ঘ বৈঠকে ডিটেইনশন সেন্টারে আটক বাংলাদেশিদের আইনী প্রক্রিয়ায় দ্রুত মুক্তি, ছাত্র, প্রফেশনাল ও শ্রমিকদের ভিসা রিনিউ সহজীকরণ এবং কুয়ালালামপুরস্থ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহায়তা নিশ্চিতকরণের বিষয়গুলো প্রাধান্য পায়।

বিভিন্ন কারণে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে মহাপরিচালককে অনুরোধ করেন। জবাবে মহাপরিচালক দাতো যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আলোচনাকালে হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সেলর (শ্রম ২) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল এবং প্রথম সচিব (পলিটিক্যাল) রুহুল আমিন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পলিসি এবং স্ট্র্যাটেজি পরিচালক মোহাম্মদ জুহাইরি মাত রাডি, পাসপোর্ট বিভাগ, ইমিগ্রেশন ডিটেনশন ডিপার্টমেন্ট, অপারেসি ও ইনগেস্টিগেশন এবং ফরেন এফেয়ার্স বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ দূত ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীদের সাধারন ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেওয়ার জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে একই দিন (দিনে দিনেই) হাইকমিশন থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয় এবং ব্যাক ফর গুড কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য হাইকমিশনের ৫ সদস্য বিশিষ্ট একটি টিম নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ দূতসহ বিদেশিদের অনুরোধের প্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বুথের কার্যক্রম সাধারণ কর্মদিবসে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে পুত্রজায়া, কুয়ালালামপুর, সেরেমবান, শাহ আলম এবং জহুর বারু ইমিগ্রেশনে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সেবা প্রদান করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে ব্যাক ফর গুড কর্মসূচি শুরু হয়েছে, যা শেষ হবে ৩১শে ডিসেম্বর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.