Sunday, September 13

চট্টগ্রামে ৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
মা-খালার পীড়াপিড়িতেই আল আমিন শেষ পর্যন্ত নেমেই পড়ে ইয়াবা ব্যবসায়!

0

চট্টগ্রামে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এ সব ইয়াবার বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার ভোররাতে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আল আমিন শেখ কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার দোভাষ বাড়ি এলাকার সোলায়মান শেখের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারের পর আল আমিন পুলিশকে জানায়, সে মাদক পরিবারের সন্তান। মাদক পরিবারে বেড়ে উঠলেও সেদিকে পা বাড়ায়নি আল আমিন। সে কাজ করতো একটি গার্মেন্টস এ। পরে নিজেই একটি হোটেল খুলে বসে। এভাবে আয় ও দিন ভাল কাটলেও তাতে মন ভরতো না আল আমিনের মায়ের। তাই সব সময়ই ছেলেকে মাদক ব্যবসায় নামতে বলতেন। ছেলে প্রথমদিকে না করলেও খালা ও মায়ের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত নেমেই পড়ে এই পেশায়। আল আমিন জানায়, মূলত ক্রেতা ঠিক করে দেয় খালা রুনা। ইয়াবা কিনে দেয় মা। আর সরবরাহ করে আল আমিন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.