প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
মঙ্গলবার ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তাঁর সন্তান। ভারতীয় একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই। তখন সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিনেমা প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার।
তারপরই দেশজুড়ে করোনা ভাইরাস আর লকডাউনের পরিবেশে স্তব্ধ চারিদিক। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরা। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত ও মা দু’জনেই সুস্থ আছেন।