Friday, July 31

মিয়ানমারে মানবিক অবস্থা 'বিপর্যকর', সকল দেশকে মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

0

মিয়ানমারে দশকের পর দশক ধরে যে উৎপীড়ন চলছিল তা এখন এমনই দশায় পৌঁছেছে যে, মিয়ানমারের সীমানা ছাড়িয়ে তা এখন আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে উঠেছে। সেখানে মানবিক অবস্থাও ‘বিপর্যকর’। এ রকম পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিশ্বের সকল দেশকে নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ছাড়া এর আগে লাখ লাখ রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, তাদের সেই পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে নিন্দা জানানোর পাশাপাশি সেখানে সেনা অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়। বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইথিওপিয়ার রাষ্ট্রদূত টেকেদা আলেমু এসব তথ্য জানান।

আলেমু বলেন, “নিরাপত্তা পরিষদের সদস্যরা রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যে সহিংসতার শিকার হয়ে প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটিরও নিন্দা জানিয়েছেন তারা। সেনা অভিযানের সময় অতিমাত্রায় সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন তারা।

পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ করা, পরিস্থিতি শান্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক আর্থ সামাজিক অবস্থা ফিরিয়ে আনতে এবং রোহিঙ্গা শরনার্থী সমস্যার সমাধান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছেন। “

গত ৯ বছরের মধ্যে এই প্রথম মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ। রাখাইনে চলমান সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে সহিংসতা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে দেশটির কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে জাতিসংঘ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.