Monday, August 17

মিরপুরে আজ গেইল শো হবে কি

0

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর রাজশাহী রয়্যালস- দুই দলই ১০ ম্যাচে ১৪ পয়েন্ট জোগাড় করে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। এখন শুধু সেরা দুইয়ে থাকার চ্যালেঞ্জ। এগিয়ে থাকা দুই দলের মুখোমুখি হতে যাওয়া আজ মঙ্গলবারের ম্যাচে মাঠে নামছেন ক্রিস গেইল।

সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবীয় টি২০ তারকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় চট্টগ্রাম-রাজশাহী মুখোমুখি হওয়ার আগে দিনের ম্যাচে খেলবে কুমিল্লা ওয়ারিয়র্স-সিলেট থান্ডার। ১১ ম্যাচের দশটিতে হেরে যাওয়া সিলেট আজকের ম্যাচ দিয়ে সপ্তম বিপিএল শেষ করতে যাচ্ছে।

প্লে-অফ সমীকরণের দিক থেকে চট্টগ্রাম-রাজশাহীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কুমিল্লা-সিলেটের ম্যাচটি। সিলেটের পাওয়ার বা হারানোর কিছু নেই। কিন্তু শেষ চারে জায়গা করতে কুমিল্লার জয় দরকার খুব বেশি। ৯ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ৮, হাতে থাকা তিনটি ম্যাচের কমপক্ষে দুটি জিততেই হবে; যদিও তাতে সরাসরি প্লে-অফ নিশ্চিত হবে না।

কুমিল্লার জন্য সুখবর হচ্ছে, আজ ডেভিড মালান খেলবেন। পারিবারিক কাজে গত ৩১ ডিসেম্বর দেশে ফিরে গিয়েছিলেন ইংলিশ এই ক্রিকেটার। ৮ ম্যাচে ৩৭৭ রান করে মালান এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আজ গেইলের শুরুর পাশাপাশি অন্য তিনজনের ‘শেষ’ও হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিতে চ্যালেঞ্জার্স ছেড়ে যাচ্ছেন ওপেনার লেন্ডল সিমন্স ও পেসার কেসরিক উইলিয়ামস। জিম্বাবুয়ে জাতীয় দলের জন্য চলে যাবেন রায়ান বার্লও। এই তিনজনের পরিবর্তে ইতোমধ্যে সংযোজন হয়েছে গেইলের, পরের ম্যাচে আগে যোগ দেওয়ার কথা শ্রীলংকান ক্রিকেটার ইসুরু উদানার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.