হোম অব ক্রিকেট বলে পরিচিত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংস্কার কাজ শেষ পর্যায়ে। দশ বছর পর এই সংস্কার কাজের ফলে আরও আধুনিক হয়ে উঠেছে হোম অব ক্রিকেট। চলছে শেষ মুহূর্তের আঁচড়। প্রতিদিনই নতুন করে লাগানো ঘাসের পরিচর্যা করতে আসেন শ্রমিকরা। আজ তাদের দিনটি একটু অন্যরকমই কাটল। কারণ এদিন শ্রমিকদের মাঝে এসে দাঁড়ালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শ্রমিকদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে আউটফিল্ড খেলার উপযোগী করে তারা অসাধারণ একটি কাজ করছেন। ‘ ৮ ঘণ্টায় পোস্টটিতে ৩৫ হাজারের বেশি লাইক পড়েছে। মুশফিকের এমন মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন তার ফেসবুকের ফ্যান-ফলোয়াররা।
ক্রিকেট মাঠে যে সবুঝ ঘাস দেখে আমাদের মন ভরে যায়, সেটাকে খেলার উপযোগী করে তোলাটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। মিরপুর স্টেডিয়ামে গিয়ে দেখা যায় ৮ ইঞ্চি পুরু সিলেটি বালুর ওপর লাগানো হয়েছে ঘাস। গত মে মাসেই ঘাস লাগানোর কাজ শেষ হয়েছে। এখন চলছে সবুজায়নের প্রক্রিয়া। প্রতিদিনই চলছে ঘাসের পরিচর্যা। সংস্কারের পর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হয়েছে। যতই বৃষ্টি হোক না কেন, এখন মাত্র আধঘণ্টার মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে যাবে!