চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির হোসেন (৪০)।
জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭) পেছনে একই পথে আসা আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পেছনের কার্ভাডভ্যানের চালক কবির নিহত হন। এ সময় আহত হন দুজন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।