Tuesday, September 22

মিশা-পূর্ণিমার ‘ধর্ষণ’ নিয়ে মুখ খুললেন মৌসুমী

0

একটি টেলিভিশনে ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি নায়িকা পূর্ণিমা ছিলেন উপস্থাপক, সঙ্গে অতিথি ছিলেন অভিনেতা মিশা সওদাগর। ‘পর্দায় কতবার ধর্ষণ করেছেন’, ‘কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন’— মিশাকে করা পূর্ণিমার এমন প্রশ্ন নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।

কিছুদিন আগে বিষয়টি নিয়ে এনটিভি অনলাইনের কাছে প্রতিবাদ জানান নায়ক ওমন সানি। এরপর গতকাল রোববার ওমর সানি নিজের ফেসবুকে এ ব্যাপারে তাঁর স্ত্রী নায়িকা মৌসুমীর বক্তব্যও প্রকাশ করেন।

মিশা-পূর্ণিমার ‘ধর্ষণ’ নিয়ে নায়িকা মৌসুমী তাঁর ভক্ত ও বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশে বলেছেন, “প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, কয়েক দিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল। বিষয়টি হাসি-তামাশা করার নয়। সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো, আমরা যেন বোকার স্বর্গে বাস করছি। পরবর্তী সময়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করল। পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেওয়া ছিল পীড়াদায়ক।”

‘আমরা চলচ্চিত্রে নানা রকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি, যাতে ভালো-মন্দ দুটোই থাকে। শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের। সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টক শোতে এনে জাতিকে অপমান করা হয়েছে। শুধু আমার নয়, অন্য অনেকের ভক্ত, দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি। সকলেই যার যার অবস্থান হতে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি। আমি প্রত্যাশা করব, এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন,’ যোগ করেন জনপ্রিয় এই নায়িকা।

সৈয়দ আশিক রহমানের ভাবনায় আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেন সোহেল রানা বিদ্যুৎ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.