রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলার রায় এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন দেশটির আদালত।
আজ সোমবার ওই রায় ঘোষণার কথা থাকলেও এ মামলা বিচারের দায়িত্বে থাকা বিচারকের ‘অসুস্থতার’ কারণে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রায় স্থগিত রাখা হয়েছে। খবর রয়টার্সের। ঔপনিবেশিক আমলের ওই আইনে দোষী সাব্যস্ত করা হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাগারে কাটাতে হতে পারে।
ইয়াংগুনের জেলা জজ আদালত গত ৯ জুলাই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওর (২৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরু করে।
রয়টার্সের ওই দুই সাংবাদিক সেদিন আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, সংবাদিকতার সব নিয়মই তারা অনুসরণ করেছেন।
রায় ঘোষণার কথা থাকায় বিপুলসংখ্যক সাংবাদিক ও বিদেশি কূটনীতিক সোমবার ইয়াংগুনের আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। তবে মামলা বিচারের দায়িত্বে থাকা বিচারক ইয়ে লইনের বদলে কিন মং মং নামের আরেকজন বিচারক এসে রায়ের তারিখে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা জানান।
দুই সাংবাদিকের আইনজীবী কিন মং জ সাংবাদিকদের বলেন, এ মামলার রায় ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে বলে বিচারক কিন মং মং জানিয়েছেন। তবে দায়িত্বপ্রাপ্ত বিচারকই ওই রায় ঘোষণা করবেন।