আগামী ১ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
করদাতারা এনবিআরের ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সেট ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
অনলাইন সিস্টেমটি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে দেবে এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।
ইতিমধ্যে এনবিআরের আয়কর শাখা পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা এবং ইন্টারনেট বিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এর সফলতা পেয়েছে। এনবিআর কর্মকর্তারা নতুন এ সিস্টেমটি তৈরি করেছেন, যা অনেকটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে।
এনবিআর সূত্রে জানা যায়, নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা যে কোনো সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার ও টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত তাদের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধিত করতে হবে।