মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসায় শ্রীনগর থানা পুলিশ। রাত একটার দিকে মোটরসাইকেলযোগে দুইজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামাতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই দুজন। লাশ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ।