Thursday, July 30

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০

0

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওক্সাকা রাজ্যে ৪৫ জন, শিয়াপেসে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস ফিলিপ পুয়েন্তেস। এ ছাড়া তাবাসকোতে আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর মানুয়েল ভেলাসকো। খবর দ্য গার্ডিয়ান।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন ঘুমানোর পোশাক পরেই বাড়ি থেকে রাস্তায় ছুটে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু আগে রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে আঘাত হানে।

বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়, শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকো উপকূলের পিজিজিয়াপান শহর থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে; ভূমির ২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে মেক্সিকোর রাজধানীতে কিছু জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এমনকি বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। এ ছাড়াও মেক্সিকোর দক্ষিণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াক্সাকা রাজ্যের জাচিতান শহরের মিলনায়তন কেন্দ্র, একটি হোটেল, একটি পানশালা এবং কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে মেক্সিকোর উপকূলে সাগরে ১ মিটার উচ্চতার সুনামি দেখা গেছে।

ভূমিকম্পের তীব্রতার কারণে মেক্সিকোর আশপাশের কয়েকটি দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশেগুলো হলো গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডর।

উল্লেখ্য, ১৯৮৫ সালের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.