চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার কাগজিপাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (৪২)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
জানা গেছে, আরজু ও তার দুলাভাই সোমবার রাতে বাইকযোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় ফিরছিলেন। তাদের বাইকটি আমজুরহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে শাহাজাহান ও আরজু সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া হাসপাতালে ডিউটিতে থাকা চিকিৎসক সৌমেন বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
সৌমেন বড়ুয়া আরো জানান, নিহত দুই জন মোটরসাইকেল আরোহী ছিলেন। এরমধ্যে রফিকুল ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা।