Wednesday, November 4

মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

0

রাজধানীতে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকচাপায় এক অন্তঃসত্ত্বা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম আফসানা আক্তার (২০) এবং তাঁর স্বামীর নাম আবদুল হাকিম। এই দম্পতির গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে। আফসানা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আফসানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আবদুল হাকিম জানান, বাড্ডার কুড়িল চৌরাস্তা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা। ভোরে বাসা থেকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন দুজন। পথে শ্যামপুর লাল মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছন থেকে আফসানা হঠাৎ পড়ে যান। তখন একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আফসানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফসানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.